স্যামসাংসহ তিন প্রতিষ্ঠানকে ৬.৭৫ বিলিয়ন ডলারের অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র

২১ ডিসেম্বর, ২০২৪ ১৬:৩৩  

মার্কিন বাণিজ্য বিভাগ শুক্রবার স্যামসাং ইলেকট্রনিক্স, টেক্সাস ইন্সট্রুমেন্টস এবং অ্যামকর টেকনোলজির জন্য ৬.৭৫ বিলিয়ন ডলারের চিপ উৎপাদন সহায়তা চূড়ান্ত করেছে। স্যামসাং ইলেকট্রনিক্সকে ৪.৭৪৫ বিলিয়ন ডলার, টেক্সাস ইন্সট্রুমেন্টসকে ১.৬১ বিলিয়ন ডলার এবং অ্যামকরকে ৪০৭ মিলিয়ন ডলারের অনুদান দেওয়া হবে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, স্যামসাংয়ের প্রাথমিক ৬.৪ বিলিয়ন ডলারের অনুদান ১.৭ বিলিয়ন ডলার কমিয়ে ৪.৭৪৫ বিলিয়ন ডলার করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিনিয়োগ পরিকল্পনা কিছুটা ছোট হওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে।

স্যামসাং জানিয়েছে, তাদের “মধ্য-থেকে-দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনায় সামঞ্জস্য আনা হয়েছে যাতে বিনিয়োগ কার্যকারিতা বৃদ্ধি পায়”। তবে চুক্তির বিস্তারিত জানাতে প্রতিষ্ঠানটি অস্বীকৃতি জানিয়েছে।

বাণিজ্য বিভাগ জানিয়েছে, স্যামসাং ২০৩০ সালের মধ্যে ৩৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং দুটি চিপ উৎপাদন কেন্দ্র, একটি গবেষণা কেন্দ্র এবং একটি প্যাকেজিং সুবিধা সম্পন্ন করবে।

টেক্সাস ইন্সট্রুমেন্টস ২০২৯ সালের মধ্যে টেক্সাস ও উটাহতে দুটি নতুন কারখানা নির্মাণে ১৮ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে। এটি ২,০০০ নতুন চাকরি তৈরি করবে। প্রতিষ্ঠানটি টেক্সাসে ৯০০ মিলিয়ন এবং উটাহতে ৭০০ মিলিয়ন ডলার সহায়তা পাবে।

অন্যদিকে, অ্যারিজোনাতে অ্যামকর-এর ২ বিলিয়ন ডলারের আধুনিক চিপ প্যাকেজিং সুবিধা নির্মাণে ৪০৭ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হয়েছে। এটি চালু হলে স্বয়ংক্রিয় যানবাহন, ৫জি/৬জি এবং ডেটা সেন্টারের জন্য মিলিয়ন মিলিয়ন চিপ তৈরি ও পরীক্ষা করা হবে। অ্যাপল হবে এই কারখানার প্রথম এবং সবচেয়ে বড় ক্রেতা।

অ্যামকর-এর সিইও গিয়েল রুটেন বলেছেন, “এই কারখানাটি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি শক্তিশালী সেমিকন্ডাক্টর উৎপাদন সরবরাহ শৃঙ্খলা গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে”।

ডিবিটেক/বিএমটি